ম্যানচেস্টার সিটির হয়ে ৪১টি এবং চেলসির জার্সিতে ১৪১টি ম্যাচ খেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের এই ২৪ বছর বয়সি উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
পালমারের এই লাল কার্ডের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন একটি মাইলফলক ছুঁয়েছে চেলসি। প্রতিযোগিতাটির ইতিহাসে ক্লাবটির খেলোয়াড়দের দেখা লাল কার্ডের সংখ্যা এখন ১০০ ছাড়িয়েছে। বিব্রতকর এই তালিকায় চেলসির আগেই শতকের ঘরে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।
প্রিমিয়ার লিগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাল কার্ডের শতকের দিকে এগিয়ে যাচ্ছে আরও কয়েকটি ক্লাব। এ ক্ষেত্রে চেলসির পরবর্তী অবস্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দলটির খেলোয়াড়েরা এখন পর্যন্ত ৯৬টি লাল কার্ড দেখেছেন।
তবে ম্যানচেস্টারের দুই ক্লাবের এই তালিকায় শতকে পৌঁছাতে এখনো বেশ পথ বাকি। ম্যানচেস্টার সিটির খেলোয়াড়েরা এ পর্যন্ত ৭৮টি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা ৭৭টি লাল কার্ড দেখেছেন।
চলতি প্রিমিয়ার লিগেও লাল কার্ড দেখার ঘটনা কম নয়। ২৪ অক্টোবর পর্যন্ত এবারের মৌসুমে মোট ১২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। এর মধ্যে ব্রেন্টফোর্ড ও সান্ডারল্যান্ডের খেলোয়াড়েরা দুটি করে লাল কার্ড পেয়েছেন। চেলসির ক্ষেত্রে সংখ্যাটি এখন পর্যন্ত একটি হলেও আগের মৌসুমের পরিসংখ্যান দলটির জন্য অস্বস্তিকর।
২০২৫–২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছিল চেলসি। ওই মৌসুমে দলটির খেলোয়াড়েরা মোট আটবার লাল কার্ড দেখেছিলেন।
তবে এক মৌসুমে সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ড চেলসির দখলে নেই। ২০০৯–১০ মৌসুমে সান্ডারল্যান্ড এবং ২০১১–১২ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের খেলোয়াড়েরা ৯টি করে লাল কার্ড দেখেছিলেন। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের এক মৌসুমে এটিই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড।




মন্তব্য করুন